রোমাঞ্চকর লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি বসনিয়া-কানাডার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অসংখ্য সুযোগ তৈরি করেও জয়ের দেখা পেল না স্বাগতিক কানাডা। একের পর এক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিতে বসেছিল তারা। তবে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১২১ সেকেন্ডের মধ্যেই গোল করে দলকে হার থেকে বাঁচান সিলে লারিন।
আজ শুক্রবার (১২ জুন) দিনরাতে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক কানাডা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। উল্টো ২১তম মিনিটে কর্নার কিক থেকে জোভো লুকিচের হেডে এগিয়ে যায় বসনিয়া।
মেমিচের নেওয়া কর্নার থেকে সেয়াদ কোলাসিনাচ হেড করে বল বাড়িয়ে দেন লুকিচের দিকে। গোললাইন ঘেঁষে থাকা এই ফরোয়ার্ড সহজ হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
গোল হজমের আগে ও পরে কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল কানাডা। ১৭তম মিনিটে ইসমাইল কোনের দারুণ থ্রু বল থেকে টাই অলুওয়াসেইয়ের নিচু ক্রস বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও কেউ তা কাজে লাগাতে পারেননি। পরে জনাথন ডেভিডের শট সহজেই গ্লাভসবন্দি করেন বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিলজ।
৩৩তম মিনিটে সমতায় ফেরার সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন অলুওয়াসেই। ডান দিক দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের হাফ ভলিতে শট নিলেও বল উড়িয়ে মারেন ক্রসবারের অনেক ওপর দিয়ে।
প্রথমার্ধে একের পর এক কর্নার পেলেও সেগুলো থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি কানাডা। অন্যদিকে, বসনিয়া কাউন্টার অ্যাটাক ও সেট পিসে ছিল অনেক বেশি কার্যকর। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে বসনিয়া এগিয়ে থেকে।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে কানাডা। অবশেষে ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন সিলে লারিন। আর মাঠে নামার মাত্র ১২১ সেকেন্ড পরই দারুণ এক শটে বসনিয়ার জালে বল জড়িয়ে সমতায় ফেরান স্বাগতিকদের।
শেষ দিকে দুই দলই জয়ের গোলের জন্য মরিয়া হয়ে খেললেও আর কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
পরিসংখ্যানে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি কানাডা। প্রথমার্ধে তারা ৮টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র একটি। ম্যাচজুড়ে সুযোগ নষ্টই শেষ পর্যন্ত তাদের পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত করেছে। অন্যদিকে, সীমিত সুযোগকে কাজে লাগিয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল বসনিয়া ও হার্জেগোভিনা।

স্পোর্টস ডেস্ক