আজ পর্দা উঠছে ইতিহাস-ঐতিহ্যের ফুটবল বিশ্বকাপের
ফুটবল মানেই এক অমোঘ আকর্ষণ। শহর থেকে গ্রাম, শিশু থেকে বৃদ্ধ, চাকরিজীবী থেকে শ্রমিক— সবাইকে এক বিন্দুতে নিয়ে আসার অদ্ভুত জাদুকরী ক্ষমতা কেবল এই খেলারই আছে। ফুটবলপ্রেমীরা চার বছর ধরে অপেক্ষায় থাকে ফুটবল জোয়াড়ে মেতে ওঠার। সেই অপেক্ষা ফুরোতে চলল। আর মাত্র কয়েকটা ঘণ্টা পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের।
আজ বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। বাংলাদেশে বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস আর সময় টিভি। এছাড়াও অনলাইনে সম্প্রচার করবে টফি, বায়োস্কোপ, আইস্ক্রিন, মাই রবি আর মাই এয়ারটেল অ্যাপ।
এবারের ঐতিহাসিক বিশ্বকাপ
যেকোনো প্রথমই ঐতিহাসিক। সেই হিসাবে এবারের বিশ্বকাপও ঐতিহাসিক। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো— এই তিন দেশ যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। দল সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে টুর্নামেন্টের পরিধিও। তিন দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। ১১ জুন পর্দা উঠে ১৮ জুলাই শিরোপা উঁচিয়ে ধরার মাধ্যমে পর্দা নামবে বিশ্বকাপের।
বিশ্বকাপের বিষাদ
এত জাঁকজমক আয়োজনের মাঝেও কিছু অস্বস্তিকর পরিস্থিতি বিশ্বকাপের ঔজ্জ্বল্য কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভোগান্তি বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। ফুটবল যে রাজনীতির ঊর্ধ্বে, তা বজায় রাখতে আয়োজক দেশগুলোর উদাসীনতা বিশ্বকাপের আসল উদ্দেশ্যকে কিছুটা ফিকে করে দিয়েছে।
সোমালিয়ান রেফারি ওমর আরতকানকে ঢুকতে না দেওয়া, সেনেগালের ফুটবলারদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন দেশের ফুটবলারদের ভিসা জটিলতার মতো ঘটনা ফুটবল বিশ্বে বিতর্ক সৃষ্টি করেছে। মাঠের লড়াই শুরুর আগে যেন রাজনীতির মারপ্যাঁচ শুরু হয়ে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের জাদুকরী আবহে তিন দেশ
অনেক ব্যতিক্রমের সঙ্গে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে ভিন্নতা। আয়োজকদের ইতিহাস, ঐতিহ্য ও আবহকে তুলে ধরার জন্য আয়োজক তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। যার প্রথমটি হবে মেক্সিকোতে। খেলা শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠানেই থাকছেন একঝাঁক তারকা। মেক্সিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বিশ্ববিখ্যাত তারকা শাকিরা। তার সঙ্গে থাকবেন বেলিন্ডা, বার্না বয়, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানার মতো তারকারা।
এরপর ১২ জুন কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের দ্বিতীয় এই উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার সঙ্গে অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসিকা রেইয়েজ, মাইকেল বুবলে, সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সরা বিশ্বকাপের উন্মাদনাকে দ্বিগুন করবেন।
একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। কেটি পেরি ও কে-পপ তারকা লিসাসহ ফিউচার, রেমা, অ্যানিত্তা এবং টাইলার মতো তারকারা।
মাঠের লড়াইয়ে নতুন নিয়ম
ফুটবলের গতি বাড়াতে এবং শৃঙ্খলা ফেরাতে ফিফা এবারের বিশ্বকাপে নিয়ে এসেছে নতুন কিছু নিয়ম।
মুখ ঢেকে রাখলেই সরাসরি লাল কার্ড : মাঠের ঝগড়া বা উত্তেজনার সময় হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে বর্ণবাদী মন্তব্য করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখাবেন। তবে সতীর্থদের সঙ্গে স্বাভাবিক আলাপচারিতায় কোনো বাধা নেই।
প্রতিবাদে মাঠ ছাড়লে কঠোর শাস্তি : রেফারিকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো দল মাঠ ছাড়লে সেই ম্যাচ থেকে তাদের ৩-০ ব্যবধানে পরাজিত ঘোষণা করা হবে। এমনকি উসকানিদাতা কোচ বা কর্মকর্তাদেরও পেতে হবে বড় শাস্তির খড়গ।
সময় অপচয়ে ৫ সেকেন্ডের কাউন্টডাউন : থ্রো-ইন বা গোল-কিকের সময় নষ্ট রোধে রেফারি ৫ সেকেন্ডের কাউন্টডাউন দেবেন। থ্রো-ইনের ক্ষেত্রে ৫ সেকেন্ডের মধ্যে বল মাঠে না পাঠালে প্রতিপক্ষ দল থ্রো-ইন পাবে। আর গোল-কিকের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে শট না নিলে প্রতিপক্ষ দলকে একটি কর্নার কিক উপহার দেওয়া হবে।
খেলোয়াড় বদলের সময়সীমা : মাঠ থেকে উঠে যাওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে বাউন্ডারি পার হতে হবে। দেরি করলে বদলি খেলোয়াড় মাঠে নামার জন্য অন্তত এক মিনিট অপেক্ষা করবেন।
ভিএআর প্রযুক্তির পরিধি বৃদ্ধি : এখন থেকে স্পষ্ট ভুল সিদ্ধান্তের কারণে কাউকে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেওয়া হলে কিংবা ভুলবশত অন্য খেলোয়াড়কে কার্ড দেখানো হলে তা যাচাই করতে ভিএআর ব্যবহার করা হবে। এছাড়া ভুলভাবে দেওয়া কর্নার কিক এবং ম্যাচ পুনরায় শুরু হওয়ার ঠিক আগে কোনো ফাউল করা হলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।
মাঠের বাইরে এক মিনিটের চিকিৎসা : কোনো খেলোয়াড়কে চিকিৎসা দিতে যদি চিকিৎসক দল মাঠে প্রবেশ করেন, তবে চিকিৎসা শেষে খেলা শুরু হওয়ার পর ওই খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
শেষের শুরু যেসব তারকার
এই আলোচনাটা অবশ্য এসেছিল ২০২২ সালের বিশ্বকাপের আগেও। এটাই বোধহয় বর্তমান বিশ্বের দুই ফুটবল জাদুকর লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। তবে সূর্য ডুবেনি। ২০২৬ বিশ্বকাপেও গোধুলী লগ্ন উপহার দেবেন তার। তবে বর্তমানে রোনালদোর ৪১, মেসির বয়স ৩৮ বছর। আর চোট জর্জরিত ব্রাজিল তারকা নেইমারের বয়স ৩৪ বছর।
তাই আলোচনা শেষের শুরু করতেই মাঠে নামবেন তারা। তাদের সঙ্গে বিদায় জানাবেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মদ্রিচ, বেলজিয়ামের রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনে, জার্মানির জীবন্ত কিংবদন্তি ম্যানুয়েল নয়্যাররাও এবার উত্তর আমেরিকার মাটিতে খেলবেন শেষ বিশ্বকাপ।
বিশ্বকাপের হট ফেভারিট
বিশ্বকাপ শুরুর আগে প্রিয় দলকেই হট ফেভারিট মনে করেন সমর্থকরা। সেটি অবশ্য দোষেরও কিছু নয়। এটি নিয়েই উন্মাদনা সমর্থকদের মধ্যে। বিশ্বকাপের আগে সমর্থকের বাইরে বিশ্লেষক কিংবা আধুনিক প্রযুক্তির যুগে অনেক কিছুই এগিয়ে রাখেন কিছু দলকে। সেই হিসাবে এবারের বিশ্বকাপেও হট ফেভারিট হিসেবে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এছাড়াও আলোচনার বড় জায়গা জুড়ে রয়েছে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড, নেদারল্যান্ডস।
উন্মাদনায় শুরু হওয়া বিশ্বকাপে শেষ হাসি কারা হাঁসবে সেটি সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপ শুরুর উল্লাস শুরু হচ্ছে আর কিছুক্ষণ পরই। আপাতত ফুটবল প্রেমীরা মেতে উঠুক সেই আনন্দ আর উন্মাদনায়।

স্পোর্টস ডেস্ক