কবে মাঠে নামবেন মেসি? জানালেন কোচ
বেজে ওঠেছে বিশ্বকাপের দামামা। ফুটবল উন্মাদনায় বুঁদ হওয়ার অপেক্ষায় সমর্থকরা। আগামী ১১ জুন পর্দা ওঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে নামবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
বিশ্বকাপের আগে অবশ্য স্বস্তিতে নেই আলবিসেলেস্তে শিবির। ফুটবলারদের শারিরীক অবস্থা নিয়ে চিন্তিত কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে দলের প্রাণভোমড়া লিওনেল মেসির চোট নিয়ে দুঃশ্চিন্তায় আর্জেন্টিনার সমর্থকরা। হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি তার। আগামীকাল আইসল্যান্ডের বিপক্ষে মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে সব শঙ্কা আর দুঃশ্চিন্তা উঁড়িয়ে দিলেন স্কালোনি। চোট কাটিয়ে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে মেসির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি বুধবার খেলছে। তবে সে কতক্ষণ মাঠে থাকবে বা কত মিনিট খেলবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকের অনুশীলনের পর তার শারীরিক অবস্থা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, যাতে কোনোভাবেই কোনো ঝুঁকি না নেওয়া হয়। তবে সে যে খেলছে, তা নিশ্চিত।’
গত মাসে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। সেই চোটের কারণে গত রোববার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে দলের স্কোয়াডে থাকলেও তাকে মাঠে নামানো হয়নি। বড় টুর্নামেন্টের আগে অধিনায়ককে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চাননি কোচ।
শুধু মেসিই নন, আর্জেন্টিনা শিবিরে চোট কাটিয়ে ফিরছেন নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্তিয়েল—তারা সবাই আইসল্যান্ড ম্যাচের জন্য পুরোপুরি তৈরি। এছাড়া গোড়ালির চোট নিয়ে মাঠের বাইরে থাকা হুলিয়ান আলভারেজ এবং লিয়ান্দ্রো পারেদেসও দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন কোচ।

স্পোর্টস ডেস্ক