যুক্তরাষ্ট্রের গরম প্রভাব ফেলবে না ইংল্যান্ড দলে, দাবি কেইনের
যুক্তরাষ্ট্রের গরম বেশ ভোগাচ্ছে ইউরোপের দলগুলোকে। তবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন জানিয়েছেন, ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনে উচ্চ তাপমাত্রা কোনো প্রভাব ফেলবে না।
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন কেইন। গত শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ে তার অসাধারণ হেড থেকেই ম্যাচের একমাত্র গোলটি আসে। ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ৬৭তম গোল।
ইংল্যান্ডের কোচ থমাস তুচেল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে দলের ফুটবল নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে খারাপ মানের মাঠে কোনো চোট ছাড়াই ম্যাচ শেষ করতে পারাটা ছিল ইতিবাচক দিক।
কেইন স্বীকার করেছেন যে মাঠটি কিছুটা আঠালো ছিল এবং ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলোয়াড়দের ঘাম ঝরাতে হয়েছে। তবে তার মতে, আবহাওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে তা অতিরঞ্জিত।
কেইন বলেন, ‘সত্যি বলতে আমার মনে হয় না গরমে খুব বেশি সমস্যা হয়েছে। আমরা অনুশীলনের মাধ্যমে এর সঙ্গে মানিয়ে নিচ্ছি। প্রথম কয়েক দিন একটু কঠিন মনে হলেও, এর পর থেকে আমার মনে হয়েছে বেশিরভাগ খেলোয়াড় এই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে।’
কেইন যোগ করেন, ‘আমার মনে হয় এটা এমন একটি বিষয় যা নিয়ে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমরা সবাই পেশাদার ফুটবলার। তাই টুর্নামেন্ট শুরু হলে এটি কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি।’

স্পোর্টস ডেস্ক