চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী পাওয়া নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা
ক’দিন আগে ২০২৬ বিশ্বকাপের শিরোপা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জার্মান অর্থনীতিবিদ ইয়াকিম ক্লেমেন্ট। যেখানে তিনি দাবি করেছেন ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। ভবিষ্যদ্বাণী কতটা বাস্তব হবে সেটি সময় সাপেক্ষ। তবে বিশ্বকাপের লড়াইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দেশটি।
ডাচ কোচ রোনাল্ড কোমান ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। যেখানে তিনি অভিজ্ঞ ও তরুণদের মিলিয়ে এক শক্তিশালী ‘অরেঞ্জ’ বাহিনী সাজিয়েছেন।
ঘোষিত এই স্কোয়াডের সবচেয়ে বড় আকর্ষণ ও নেদারল্যান্ডস ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেমফিস ডিপাইয়ের দলে ফেরা। উরুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল এই তারকা ফরোয়ার্ডকে।
তবে গত ২৪ মে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে করিন্থিয়ান্সের ১-০ গোলের জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নিজের ফিটনেসের প্রমাণ দেন তিনি। উত্তর আমেরিকার টিকিট পাওয়া ডাচ শিবিরে ডিপাইয়ের এই অন্তর্ভুক্তি কোচ রোনাল্ড কোমানকে বড় স্বস্তি দিয়েছে।
৩২ বছর বয়সী ডিপাইয়ের সঙ্গে নেদারল্যান্ডসের আক্রমণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন কোডি গাকপো এবং ডনিয়েল মালেনের মতো ইনফর্ম তারকারা। গত জানুয়ারিতে অ্যাস্টন ভিলা ছেড়ে ইতালিয়ান ক্লাব রোমাতে যোগ দেওয়ার পর থেকেই রীতিমতো উড়ছেন মালেন। সিরি-এ লিগে ১৮ ম্যাচে ১৪টি গোল করে তিনি এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন।
এবারের বিশ্বকাপে ডাচ দলকে মাঠে থেকে নেতৃত্ব দেবেন লিভারপুলের ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তবে কোমানের এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক রাইট-ব্যাক জেরেমি ফ্রিম্পংয়ের বাদ পড়া। লিভারপুলে ভ্যান ডাইকের সতীর্থ এই ফুটবলার ক্লাবের হয়ে দুর্দান্ত খেললেও বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা ধরে রাখতে পারেননি।
তিনবারের রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস এবার অধরা ট্রফিটি ছুঁয়ে দেখার লক্ষ্যে মিশন শুরু করবে আগামী ১৪ জুন। ডালাস স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান। এরপর ২০ জুন হিউস্টন স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে ইউরোপের আরেক দল সুইডেনের। আর ২৫ জুন কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ডাচরা।
নেদারল্যান্ডস স্কোয়াড
গোলরক্ষক : মার্ক ফ্লেকেন, রবিন রুফস ও বার্ট ভারব্রুগেন;
ডিফেন্ডার : নাথান আকে, ডেঞ্জেল ডামফ্রিস, জোরেল হাটো, জুরিয়েন টিম্বার, জান পল ভ্যান হেকে, মিকি ভ্যান ডি ভেন এবং অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক;
মিডফিল্ডার : ফ্রেঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, রায়ান গ্রাভেনবার্চ, তেউন কুপমেইনার্স, তিজানি রেইন্ডার্স, গুস তিল, কুইন্টেন টিম্বার ও ম্যাটস উইফার;
ফরোয়ার্ড : ব্রায়ান ব্রোবি, মেমফিস ডিপাই, কোডি গাকপো, জাস্টিন ক্লুইভার্ট, নোয়া ল্যাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল ও ওয়াউট ওয়েঘর্স্ট।

স্পোর্টস ডেস্ক