চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা মরক্কোর
গত ২০২২ কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লিখে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। এবার আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দেশটি। বিশ্বকাপের স্কোয়াডে বেশ বড় চমকই রেখেছেন মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ উয়াহবি।
মরক্কোর বিশ্বকাপ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফরাসি ক্লাব লিলের তরুণ মিডফিল্ডার আয়্যুব বাউআদ্দি ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের আয়ুব আমাইমুনি। তবে দল থেকে বাদ পড়েছেন ‘অ্যাটলাস লায়ন্স’ খ্যাত দলটির দুই অভিজ্ঞ তারকা— ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি ও মিডফিল্ডার হাকিম জিয়েশ।
এদিকে, চোটের কারণে দলে থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত জায়গা ধরে রেখেছেন পিএসজির তারকা ডিফেন্ডার ও অধিনায়ক আশরাফ হাকিমি।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বাউআদ্দি সাম্প্রতিক সময়ে ফ্রান্সের ঘরোয়া লিগ ‘আঁ’তে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন। এর আগে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। গত ১৫ মে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন নিশ্চিত করে যে, জাতীয়তা পরিবর্তনের জন্য বাউআদ্দির করা আবেদন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অনুমোদন করেছে।
ফ্রান্সের উত্তরাঞ্চলে বেড়ে ওঠা ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই তরুণ মিডফিল্ডারের অন্তর্ভুক্তির কারণে দল থেকে বাদ পড়েছেন ইমরান লোজা ও ওসামা তারঘাল্লিনের মতো নিয়মিত খেলোয়াড়েরা।
মরক্কোর ফুটবল ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ইউসেফ এন-নেসিরি ও হাকিম জিয়েশের বাদ পড়াটা এবারের দল ঘোষণার সবচেয়ে বড় আলোচনা।
সৌদি ক্লাব আল-ইত্তিহাদের ফরোয়ার্ড এন-নেসিরি চলতি মৌসুমে মরক্কোর হয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সাতটি ম্যাচের সবকটিতেই খেলেছিলেন। ২০২২ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার দেওয়া জয়সূচক গোলেই সেমিফাইনালে উঠেছিল মরক্কো। ফলে তার বাদ পড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জিয়েশের বাদ পড়া অবশ্য খুব একটা অবাক করেনি, কারণ ঘরোয়া লিগে সাম্প্রতিক ফর্ম ভালো হলেও কোচের কৌশলের সঙ্গে তিনি খাপ খাচ্ছিলেন না। একই কারণে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সোফিয়ান বুফাল ও জাওয়াদ এল ইয়ামিকের মতো তারকাদেরও এবার দর্শক হয়ে থাকতে হচ্ছে।
আসন্ন বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে মরক্কো। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ১৯ জুন ফক্সবোরোতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। আর ২৪ জুন আটলান্টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।
মরক্কোর বিশ্বকাপ দল
গোলরক্ষক : ইয়াসিন বুনো, মুনির এল কাজুই ও রেদা তাগনাউতি।
ডিফেন্ডার : নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেল্লামারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওউয়াহদি, নায়েফ আগের্ড, ছাদি রিয়াদ, রেদোয়ান হালহাল ও ইসা দিয়প।
মিডফিল্ডার : সামির এল মুরাবেত, আয়্যুব বাউআদ্দি, নীল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজ়েদ্দিন ওউনাহি, বিলাল এল খাননুস এবং ইসমাইল সাবিরি।
ফরোয়ার্ড : আবদে এজ়ালজুলি, ছেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, গেসিম ইয়াসিন এবং আয়ুব আমাইমুনি।

স্পোর্টস ডেস্ক