দুই তারকার বিদায় জয় দিয়ে রাঙাল রিয়াল
বিদায়ের আবহে স্মরণীয় এক রাত কাটাল রিয়াল মাদ্রিদ। কোচ ও দুই অভিজ্ঞ তারকার শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আজ রোববার (২৪ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শেষ করেছে রিয়াল।
এটি ছিল রিয়ালের কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার শেষ ম্যাচ। গত জানুয়ারিতে শাবি আলোনসোর পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাবেক এই ডিফেন্ডার। যদিও মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল, তবু লা লিগায় রানার্সআপ হয়েই শেষ করেছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১২তম মিনিটে কার্ভাহালের ক্রস থেকে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর কয়েকবার সুযোগ তৈরি করলেও গোল পাচ্ছিল না রিয়াল। তবে প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে জুড বেলিংহামকপ দিয়ে ব্যবধান দ্বিগুণ করান থিয়াগো পিতার্চ।
প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বিলবাও। গোর্কা গুরুজেতা গোল করে ব্যবধান কমান। তবে বিরতির পর দ্রুতই আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৫১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে কোনাকুনি শটে গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।
ম্যাচের ৬৯তম মিনিটে আবেগঘন এক মুহূর্তের জন্ম হয় বার্নাব্যুতে। দীর্ঘদিনের ডিফেন্ডার ডেভিড আলাবা মাঠ ছাড়ার সময় তাকে গার্ড অব অনার দেন সতীর্থরা। রিয়ালের জার্সিতে এটাই ছিল অস্ট্রিয়ান তারকার শেষ ম্যাচ। কিছুক্ষণ পর একই সম্মান জানানো হয় অধিনায়ক কারভাহালকেও। দুই দলের খেলোয়াড়রাই দাঁড়িয়ে অভিবাদন জানান ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই ডিফেন্ডারকে।
ম্যাচের শেষ দিকে ব্রাহিম রিয়ালের চতুর্থ গোল করেন। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও পরে ভিএআরে গোলের সিদ্ধান্ত বহাল থাকে। যোগ করা সময়ে উর্কো ইজেতা বিলবাওর হয়ে আরেকটি গোল শোধ দিলেও তাতে ম্যাচের ফল বদলায়নি।

স্পোর্টস ডেস্ক