বিশ্বকাপের বাকি ২০ দিন
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচের সেই ‘অভিশাপ’
ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে বাকি আর মাত্র ২০ দিন। বিশ্বমঞ্চের লড়াই শুরুর আগে ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় এক অদ্ভুত রোমাঞ্চকর তথ্য। এক সময় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলানোর নিয়ম ছিল।
সেই নিয়ম মেনে চ্যাম্পিয়ন দলগুলো মাঠেও নামতো। কিন্তু এরপরই পড়তে হতো লজ্জায়। কারণ এই ম্যাচগুলোতে চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ছিল যার পরনাই হতাশার। এমনকি উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় খরা কাটাতে সময় লেগেছিল দীর্ঘ ২০ বছর!
১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে প্রথম নিয়ম করা হয় যে, বিদায়ী চ্যাম্পিয়ন দল খেলবে উদ্বোধনী ম্যাচ। এই নিয়মটি ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপ পর্যন্ত চালু ছিল।
এরপর ২০০৬ বিশ্বকাপ থেকে নিয়ম বদলে আয়োজক দেশকে দিয়ে উদ্বোধনী ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই ২০ বছরে বর্তমান চ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচের রেকর্ড ছিল চরম হতাশাজনক।
ড্র আর হারের বৃত্তে চ্যাম্পিয়নরা
১৯৭৪ সালের বিশ্বকাপে ১৯৭০ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল উদ্বোধনী ম্যাচে তলানির দল যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে। এরপর ১৯৭৮ বিশ্বকাপে আগের বারের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিও পোল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারায়।
১৯৮২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বিশ্বকাপ মিশন শুরু করা বিশ্বজয়ী আর্জেন্টিনা। পরবর্তীতে ১৯৮৬ সালের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে আটকে দেয় বুলগেরিয়া, ম্যাচটি ড্র হয়।
১৯৯০ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিশ্বজয়ী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয় ক্যামেরুন।
দীর্ঘ ২০ বছর এবং ৫টি আসর পার হওয়ার পর অবশেষে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জয়ের মুখ দেখে কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিকাগোর সেই উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারায় তৎকালীন বিশ্বজয়ী জার্মানি। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন কিংবদন্তি স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সম্যান।
এরপর ১৯৯৮ সালের আসরে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তৎকালীন চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ২০০২ সালে এই নিয়মের শেষ আসরে এসে আবারও বড় ধাক্কা খায় ফ্রান্স। উদ্বোধনী ম্যাচেই নবাগত সেনেগালের কাছে ১-০ গোলে হেরে বসে ফরাসীরা।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
আসন্ন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অবশ্য কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকছে না। মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে যৌথ আয়োজক মেক্সিকো। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক