ঢাকা টেস্ট
অবশেষে বাংলাদেশকে উইকেট এনে দিলেন তাসকিন
অভিষেক টেস্টেই বাংলাদেশের বোলারদের সামনে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের ওপেনার আজান আওয়াইস। দারুণ ব্যাটিংয়ে আগের দিনই সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তিনি। আজ সকালে সেটি পূরণও করে নিয়েছিল। অবশেষে তাকে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দিলেন তাসিকন আহমেদ।
আজ রোববার (১০ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে প্রথম ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে পাকিস্তান।
৮৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা আজান আজকের পঞ্চম ওভারেই সেঞ্চুরি তুলে নেন। নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে অভিষেক ম্যাচেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। একই সঙ্গে আব্দুল্লাহ ফজলকে নিয়ে দ্বিতীয় উইকেটে শতক ছাড়ানো জুটি গড়েন তিনি।
তৃতীয় দিনের অষ্টম ওভারে আজানকে ফেরান তাসকিন। টাইগার পেসারের বলে স্লিপে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এতে ভাঙে ১০৪ রানের জুটি।
আক্ষেপে দ্বিতীয় দিন শেষ হয়েছে বাংলাদেশের
প্রথম দিনটি দারুণ ব্যাটিংয়ে নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনটি কেটেছে আক্ষেপে। ব্যাটিংয়ে সেঞ্চুরি করে জন্মদিন রাঙানোর সুযোগ ছিল মুশফিকুর রহিমের সামনে, পারেননি তিনি। এরপর ফিল্ডিংয়ে ক্যাচ ফেলে দিয়ে বাড়িয়েছে উইকেটের আক্ষেপ। বোলাররা ছিলেন গড়পরতা। বাংলাদেশের এমন আক্ষেপের ভিড়ে দ্বিতীয় দিনেই শক্ত ভীত দাঁড় করিয়ে নিয়েছিল পাকিস্তান।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪৬ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ১৭৯ রান করেছিল পাকিস্তান। বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল ২৩৪ রানে।

স্পোর্টস ডেস্ক