ফিরেছেন রিপন, যেমন হলো বাংলাদেশের একাদশ
ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টির মিশনে নামছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে চমক দিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা।
আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন।
আলোচনায় থাকা দুই পেসার রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনের মধ্যে রিপনকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আলোচনায় থাকলেও এ ম্যাচে অভিষেক হচ্ছে না সাকলাইনের।
সাকলাইন দলে একদমই নতুন মুখ, অন্যদিকে রিপন মণ্ডল ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার দৌড়ে এবারই বড় সুযোগ পাচ্ছেন।
এর বাইরে তিন পেসার, দুই স্পিনার আর ছয়জন স্পেশালিস্ট ব্যাটারকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
তিন পেসার হিসেবে আছেন- বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবের সঙ্গে আছেন রিপন মন্ডল। দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন আর শেখ মেহেদী।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।

স্পোর্টস ডেস্ক