কাল টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। এটি নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। এরপর আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেনি টাইগাররা। বিরতি শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই ফরম্যাটে মাঠে নামছে লিটন দাসের দল।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।
কিউদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে দারুণ পারফর্ম করে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশের। নিজেদের সর্বশেষ খেলা ছয়টি সিরিজের মধ্যে পাঁচটিতেই জিতেছে লিটন দাসের দল। ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠ-- বাংলাদেশ জিতেছে সব জায়গায়ই।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে থেকেই মাঠে নামছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে কিউইরা। আর বাংলাদেশের জয় চারটিতে। ফলাফল আসেনি একটি ম্যাচে।
দুই দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে ২০২৩ সালে। তিন ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল টাইগাররা। ফলাফল অবশ্য কিউইদের পক্ষেই ছিল। দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আর একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলে নেই সেরা দুই পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। এই দুই তারকার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে পেসার রিপন মন্ডল আর আব্দুল গাফফার সাকলাইনকে।
লম্বা বিরতি শেষে টি-টোয়েন্টিতে ফিরলেও জয়ের বিষয়ে আশাবাদী অধিনায়ক লিটন দাস। রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড বড় দল। ফরম্যাটটাই এমন যে, দুইটা ব্যাটার-দুইটা বোলার খেলে দিলেই আপনি জিতে যাবেন। আমাদের চেষ্টা এতদিন ধরে যেভাবে খেলে আসছি, সেটাই থাকবে এবং আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে চাইব।’
প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

স্পোর্টস ডেস্ক