পাকিস্তানের বিপক্ষে খেলবে মেসিরা!
ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন পাকিস্তানের জন্য এখনো অনেক দূরের বিষয়, র্যাঙ্কিংয়েও তারা তলানিতে। তবে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার সুযোগ পেতে পারে পাকিস্তান। বিষয়টি নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে ভার্চ্যুয়াল বৈঠক করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
দুই দেশের ফুটবল কর্মকর্তাদের এই বৈঠকে কেবল প্রীতি ম্যাচ নয়, পাকিস্তানের ফুটবলের মানোন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনার অভিজ্ঞ কোচদের পাকিস্তানে পাঠানো, কোচিং ডেভেলপমেন্ট এবং উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণ।
প্রস্তাবিত এই ম্যাচটি মূলত ২০২৬ বিশ্বকাপের পর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দেশ যাতায়াত ও অন্যান্য কারিগরি দিকগুলো আরও যাচাই করে দেখবে।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি সৈয়দ মহসিন গিলানির নেতৃত্বে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে দেশটি। শক্তিশালী দলের বিপক্ষে খেলে খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য।
আর্জেন্টিনায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত হাসান আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এএফএ-র বিপণন পরিচালক ফ্রান্সিসকো লেম্মিও উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পাকিস্তানের ফুটবলের সঙ্গে যুক্ত হতে আগ্রহ দেখালেও কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ বা অন্য কোনো উন্নয়ন কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের মধ্যে আরও কয়েক দফা আলোচনার পর বিষয়টি পরিষ্কার হবে।

স্পোর্টস ডেস্ক