প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের জন্য সামনের প্রতিটি সিরিজ খুব গুরুত্বপূর্ণ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে মেলে ধরতে হবে নিজেদের। সেই লক্ষ্যে ঘরের মাঠ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ। নিউজিল্যান্ডের মূল দলের মোটে তিনজন আছেন বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে। তবু, তাদের হালকাভাবে দেখার জো নেই। কিউইদের সবাই আছেন খেলার মধ্যে।
মিরাজ চান ম্যাচ ধরে ধরে এগোতে। প্রতিপক্ষকে খাটো করে না দেখে, নিজেদের দিকে নজর দিচ্ছেন অধিনায়ক। তার কাছে শুরুটা গুরুত্বপূর্ণ।
মিরাজ বলেন, ‘যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সেহেতু ধরে ধরে এগোতে চাই। প্রথম ম্যাচটা জিততে চাই। প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নেই। যেহেতু র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, আমাদের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ।'
নিউজিল্যান্ডও এসেছে সিরিজ জিততে। বাংলাদেশ সফরের দলে সবচেয়ে অভিজ্ঞ ধরা হচ্ছে টম লাথামকে। নেতৃত্বেও থাকছেন তিনি। তার মতে, ‘দলের সবার প্রধান লক্ষ্য সিরিজ জেতা। আমরা জানি এটি করতে গেলে আমাদের অনেক কিছু করতে হবে। প্রতিটি ম্যাচ থেকে শিখতে হবে আমাদের এবং উন্নতি (পরের ম্যাচে) করতে হবে।’

ক্রীড়া প্রতিবেদক