উইকেট নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক
মিরপুরের উইকেট বরাবরই রহস্যময়। হোম অব ক্রিকেটের উইকেট নিয়ে নিয়মিত চলে চুলচেরা বিশ্লেষণ। আরেকটি সিরিজ শুরুর আগেও এর ব্যতিক্রম হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল থেকে। তার আগে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ অধিনায়কের কাছে উইকেট প্রসঙ্গে জানতে চাওয়া হয়। উইকেটের চেয়ে খেলোয়াড়দের ছন্দে থাকাকে বেশি গুরত্ব দিয়েছেন মিরাজ। পারফর্ম করলে যে কোনো উইকেটে খেলা যায় বলে মত তার।
মিরাজ বলেন, 'পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো উইকেটে খেলেছি। এই সিরিজটাও ভালো উইকেটে খেলার চেষ্টা করব। প্লেয়াররা সবাই যদি পারফর্ম করে খেলতে পারে, উইকেট ম্যানেজ করা যাবে।'
উইকেট নিয়ে একদিন আগে কথা বলেছিলেন বাংলাদেশ কোচও। এবারের সিরিজ দিনের আলোয়। দিবারাত্রির ম্যাচ ও দিনের আলোর ম্যাচে উইকেটের পার্থক্য তুলে ধরেন প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেছিলেন, ‘দিনের আলোয় খেলা হলে পার্থক্য তৈরি হবে। উইকেট কিছুটা ধীরগতির হতে পারে। হয়তো একটু বেশি গ্রিপ করবে। আমরা সেভাবেই আমাদের প্রস্তুত করছি। যে সময়ে খেলা (সকাল), অনুশীলনগুলোও সেই সময়ে হচ্ছে।’

ক্রীড়া প্রতিবেদক