বাংলাদেশের কোচ কে হবেন, পরামর্শ দিলেন নেইমার
বাংলাদেশ ফুটবলে হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হয়েছে। গত মাসে তার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর নতুন করে জাতীয় দলের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। দেশের ফুটবল সমর্থকদের মনে এখন প্রশ্ন কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ?
দেশের ফুটলাঙ্গনে পরিচিত নাম রবিন মিয়া। বিশ্ব ফুটবলের সেরাদের একজন নেইমার জুনিয়রের সহকারী হিসেবে কাজ করেন তিনি। সেই রবিন মিয়া দিলেন চাঞ্চল্যকর একটি তথ্য- বাংলাদেশের কোচ কে হবেন, সেই পরামর্শ দিয়েছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা নেইমার নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আলোচনায় অংশ নেন রবিন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সহযোগীতা করবেন কি না?
উত্তরে রবিন বলেন, ‘বাংলাদেশের ইস্যু নিয়ে আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে, আমার বস নেইমারের সঙ্গে কথা বলেছি। আমার দেশের জন্য একটি কোচ দাও, কি হলে ভালো হয়। এক সঙ্গে তিনি আমাকে ৮-১০ জন কোচের পরামর্শ দিয়েছেন।’
শুধু পরামর্শই নয়, তাদের সঙ্গে যোগাযোগ করার উপায় বাতলে দিয়েছেন নেইমার। রবিন বলেন, ‘নেইমার বলেছেন- তুমি এদের (কোচদের) কল দাও। কল দিয়ে বলো, আমি কল দিতে বলেছি।’
তবে রবিনের ভাষ্য, এসব কিছুই নির্ভর করছে বাফুফের স্বদিচ্ছার ওপর। বাফুফে যদি কোচ নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তিনি নেইমারের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাফুফেকে সহযোগীতা করবেন।

স্পোর্টস ডেস্ক