সিরিজ শুরুর ৮ দিন আগে বদলে গেল সূচি
চলতি মাসে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ৩ ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৭ এপ্রিল। সিরিজ শুরুর ৮ দিন আগে বদলে গেলো সূচি।
আগের দিনই নিউজিল্যান্ড সিরিজের সূচি পরিবর্তনের কথা জানিয়েছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নতুন সূচি প্রকাশ করে আনুষ্ঠানিক সেটি জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগের সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে মাঠে গড়ানোর কথা ছিল ওয়ানডে ম্যাচগুলো। টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টা থেকে।
তবে নতুন সূচি অনুযায়ী, সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের আলোতে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল ১১টা বা সাড়ে ১১টা থেকে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে।
আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ২০ এপ্রিল একই মাঠে একই সময়ে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এ ম্যাচটিও শুরু হবে সকাল ১১টায়।
একই মাঠে ২৭ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। নতুন সূচি অনুযায়ী, এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একদিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল চট্টগ্রামেই মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে মিরপুর শেরেবাংলায়।
সূচি পরিবর্তনের কারণ জানিয়ে গতকালই বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের সিদ্ধান্তের কারণে সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাবিত এই সূচি চূড়ান্ত হলে জানিয়ে দেবে বিসিবি।

স্পোর্টস ডেস্ক