বিসিবি নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য ফারুক আহমেদের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীনে বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রস্তাবনা দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রক সংস্থা।
এর মাঝেই বিসিবি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সর্বশেষ বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফারুক।
বিসিবি নির্বাচনের আগে থেকেই নানা কথা শোনা যাচ্ছিল। অনিয়মের অভিযোগের পাশাপাশি শোনা যাচ্ছিল সমঝোতার কথাও। সেই বিষয়টি সামনে আনলেন ফারুক।
ফারুক বলেন, ‘সবার সামনে একটা কথা আমি বলতে চাই আজকে। এই নির্বাচন হওয়ার আগে কে কত দৌড় ঝাঁপ করেছে, কে উপদেষ্টার কাছে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে এগুলো আমি জানি। বনিবনা হয়নি বা কী হয়েছে আমি জানি না।’
ফারুকের ভাষ্য নির্বাচনের আগে উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়ে তার বাসার সামনে গাড়িতে ঘুমিয়ে পড়তেন কিছু সেই দৌড় ঝাঁপ করা মানুষগুলো।
ফারুক বলেন, ‘ওইটা (উপদেষ্টার বাসার নিচে গাড়িতে ঘুমিয়ে গেছে) যদি উনি (আসিফ মাহমুদ) দেখাতে চায় দেখাতে পারে। এক সময় তো উনি বিরক্তও হতে পারে, আমি জানি না।’ তিনি কীভাবে এই কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির সাবেক এই সভাপতি। ফারুক বলেন, ‘আমি এত পরিষ্কার সব কথা বলতে পারি, কারণ আমার আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি। আমি জানি আমি কতটা সৎ। সুতরাং এইজন্য এগুলা সবই মনে হয় উদ্দেশ্যপ্রণোদিত এবং এটাতে কোনো ভিত্তি নাই।’

স্পোর্টস ডেস্ক