নিউজিল্যান্ড সিরিজের আগে সময়টা কাজে লাগাচ্ছে বাংলাদেশ
আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতির জন্য বেশ লম্বা সময় পেয়েছে বাংলাদেশ। অনুশীলনে সময়টা কাজে লাগাচ্ছেন ক্রিকেটাররা। পুরো সময়কে বাংলাদেশ দল ভালোভাবে কাজে লাগাচ্ছে বলে মনে করেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। খেলোয়াড়রা যাতে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারেন, বিসিবিও নতুন স্পিন বোলিং মেশিন এনেছে।
এ প্রসঙ্গে নাফিস বলেন, ‘সাধারণত আমরা কোনো আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতির জন্য এত বেশি সময় পাই না। কিন্তু এবার ব্যাপারটা ভিন্ন। আমরা এবার প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়েছি। যা খেলোয়াড়দের ফিটনেস-দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘অনুশীলন শিবির নিবিড় ও সুসংগঠিত ছিল। যা খেলোয়াড়দের আরও ভালো পারফরমেন্স করার সুযোগ করে দিয়েছে। আমার মনে হয়, খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।’
সোমবার (৬ এপ্রিল) মিরপুরে খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য নিয়ে আসা হয় বিশাল এক মেশিন। মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে দেখা মিলেছে এটির। নতুন এই স্পিন বোলিং মেশিনের নাম ‘মার্লিন বাই বোলা।’ সচরাচর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে এর ব্যবহার বেশি হয়ে থাকে। অফস্পিন, লেগস্পিন এবং আর্মার— তিন ধরনের বল খেলা যায় এটি দিয়ে।
এছাড়া বলের লেন্থ পরিবর্তন করা, পেস বাড়ানো-কমানো যায় কাজ করা যাবে এই মেশিনে। ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায় এটি। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।

স্পোর্টস ডেস্ক