দিল্লির বোলিং তোপে দেড়শর আগেই গুটিয়ে গেল লক্ষনৌ
শুরুতেই ফিরে গেলেন অধিনায়ক রিশাভ পন্থ। সেই যে শুরু হলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ব্যাটিং ধ্বস। ইনিংসের শেষ পর্যন্ত চলল সেটি। লুঙ্গি এনগিদি-থাঙ্গারাসু নটরাজনের বোলিং তোপে গুটিয়ে গেল দেড়শ ছাড়ানোর আগেই।
আজ বুধবার (১ এপ্রিল) একানা ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৪১ রান করেছে লক্ষ্ণৌ।
টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। মিচেল মার্শ আর আব্দুল সামাদ বাদে আর কোনো ব্যাটার ২০ রানও করতে পারেনি। চরম ব্যাটিং ব্যর্থতায় দেড়শর আগেই থামতে হয়েছে তাদের।
দলীয় ১৯ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফিরে যান অধিনায়ক রিশাভ পন্থ (৯ বলে ৭)। তিন নম্বরে নেমে এইডেন মার্করামও ফিরেছেন দ্রুতই (৮ বলে ১১)।
মিডল অর্ডারে ব্যর্থ হয়েছেন আয়ুশ বাধনী (৩ বলে ০) আর নিকোলাস পুরানও (৮ বলে ৮)। ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রাখা মিচেল মার্শও ধৈর্য্য হারিয়ে ফেলেন। দশম ওভারে ২৮ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।
ছয় নম্বরে নেমে দলের হাল ধরার চেষ্টা করেন আব্দুল সামাদ। বাকিদের ব্যর্থতার ভীড়ে দলের আশার প্রদ্বীপ হয়ে দাঁড়ান তিনি। শুরুটাও ভালোই করেছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ফিরেছেন ২৫ বলে ৩৬ রান করে।
আব্দুল সামাদ ফিরলে লক্ষ্ণৌর আশার বাতিও নিভে যায়। ৮ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৪১ রানে। ১৬ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে যৌথভাবে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন নাটারাজন আর লুঙ্গি এনগিদি। দুটি উইকেট নেন ভিপরাজ নিগাম। একটি উইকেট যায় অক্ষর প্যাটেলে ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক