অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ
থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মঞ্চে মাঠে নেমেছে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে আলো ছড়ালেন কোচ পিটার বাটলারের শিষ্যরা। সাগরিকার গোলে এগিয়ে থেকেই বিরতি গেল বাংলাদেশ।
আজ বুধবার (১ এপ্রিল) থাইল্যান্ডের থামাসাত স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রধমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলারের চিরচেনা সেই নীতিতেই মাঠে নামে বাংলাদেশ। প্রথম আসরেই স্বাগতিকদের বিপক্ষে লড়াইটাও জমিয়ে তোলেন সাগরিকা-সুরভি আকন্দ প্রীতিরা। থাইল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ।
খেলার মাত্র ২৫ মিনিটেই সবাইকে অবাক করে দিয়ে কোনো চোট ছাড়াই ফুটবলার তুলে নেন বাটলার। মিডফিল্ডার স্বপ্না রাণীকে তুলে নিয়ে মাঠে নামান পূজা দাসকে। সাধারণত প্রথমার্ধে এমন পরিবর্তন দেখা যায় না ফুটবলে।
সেই পরিবর্তনের সুফল পায় বাংলাদেশ দশ মিনিট পর। ম্যাচের ৩৫তম মিনিটে থাইল্যান্ডের জালে বল জড়িয়ে দেন সাগরিকা।
ক্ষিপ্রগতিতে সঙ্গে থাকা মার্কারকে পেছনে ফেলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বাংলাদেশের এই ফরোয়ার্ড। থাইল্যান্ডের গোলরক্ষক এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। সাগরিকার প্লেসিং শট তার হাতে লাগলেও বল গিয়ে জালে জড়ায়। প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে এশিয়ান কাপে গোল করেন তিনি।
প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও আর জাল খুঁজে পায়নি কোনো দল। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক