বাংলাদেশের সামনে আজ শেষ আটে ওঠার চ্যালেঞ্জ
নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) মেয়েদের প্রতিপক্ষ ভিয়েতনাম। থাইল্যান্ডের নন্থাবুড়ি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ভিয়েতনামকে হারাতে পারলে অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।
নারী এশিয়ান কাপের সিনিয়র টুর্নামেন্টের মতোই নিয়ম বয়সভিত্তিক এই টুর্নামেন্টে। তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে। বাংলাদেশের সম্ভাবনা ঠিক এখানেই।
‘এ’ গ্রুপে দুই ম্যাচ শেষে তৃতীয় স্থানে বাংলাদেশ। দুই ম্যাচে কোনো পয়েন্ট পায়নি ভিয়েতনামও। থাইল্যান্ড ও চীনের বিপক্ষে ভিয়েতনাম সাত গোল হজম করেছে, দিয়েছে এক গোল। তাদের গোল ব্যবধান -৬। বাংলাদেশ পাঁচ গোল হজমের বিপরীতে দিয়েছে দুটি। তাই গোল ব্যবধান-৩।
অন্য দুই গ্রুপে তৃতীয় স্থানে থাকা উজবেকিস্তান (-৮) ও চাইনিজ তাইপের (-৭) চেয়ে গোল পার্থক্যে এগিয়ে বাংলাদেশ। আজ তাই ড্র করলেও সুযোগ আছে বাংলাদেশের সামনে।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বলেছেন, ‘ভালো একটা ট্রেনিং সেশন করেছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করিয়েছেন। আগের ম্যাচে চীনের বিপক্ষে যে ভুলত্রুটি হয়েছে, সেগুলো ধরিয়ে দিয়েছেন। দলের সবাই সুস্থ আছে। এই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। আমাদের সবার প্রত্যাশা, দেশবাসী আমাদেরকে সমর্থন করবে আমরা যেন ভালো খেলতে পারি।’

স্পোর্টস ডেস্ক