সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ
বাংলাদেশের এশিয়ান কাপে কোয়ালিফাই করার আশা শেষ হয়েছে আগেই। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটা এখন শুধুই নিয়ম রক্ষার। তবুও শেষটা রাঙানোর লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। সেই লক্ষ্যে ভালো শুরুর পরও পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।
ম্যাচের শুরুটা বেশ ভালো করে বাংলাদেশ। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যে দুটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। অবশ্য সিঙ্গাপুরের জাল খুঁজে পায়নি তারা।
১৪তম মিনিটে সেরা সুযোগটা পায় বাংলাদেশ। ডান দিক দিয়ে দারুণ ওয়ান-টু খেলার পর সাদ উদ্দিন বক্সে চমৎকার এক ক্রস পাঠান। সেখানে থাকা শমিত সোমের হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
প্রতিআক্রমণ শুরু করে সিঙ্গাপুরও। ২০তম মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষ মিতুল মারমা। ডি-বক্সের মাথায় ইকসান ফান্দির নেওয়া জোড়ালো শট নিজের শরীর দিয়ে রুখে দেন মিতুল।
তবে ৩১তম মিনিটে আর রক্ষা করতে পারেননি মিতুল। মাঝমাঠ থেকে বল নিয়ে ডান প্রান্ত দিয়ে প্রতিআক্রমণে ওঠে স্বাগতিকরা। কুয়েহর নেওয়া জোরালো শট মিতুল ঠেকিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। বল চলে যায় ইখসান ফান্দির পায়ে। তিনি পাস দেন হারিস স্টুয়ার্টের দিকে। নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন স্টুয়ার্ট।
৩৮তম মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বাম প্রান্ত দিয়ে আক্রমণ করে বাংলাদেশ। মোরসালিনের নেওয়া শট আটকে দেন বাহারুদিন। ফিরতি বলে ফয়সাল আহমেদ ফাহিম শট নিতে গেলে ডি-বক্সের ভেতর সিঙ্গাপুরের ডিফেন্ডারের বাধায় পড়ে যান তিনি। বাংলাদেশের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি।
প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল।

স্পোর্টস ডেস্ক