বিশ্বকাপের আগে ফুটবলারদের সতর্ক করলেন আর্জেন্টিনা কোচ
ফুটবল বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে। চলমান মার্চ উইন্ডোতে ফিনালিসিমা খেলার কথা ছিল তাদের। সেটি না হলেও নিজেদের ঝালিয়ে নিতে মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা।
সেই ম্যাচের পারফরম্যান্স অবশ্য সুখকর ছিল না আর্জেন্টিনার জন্য। তুলনামূলক নিচু সারির এই দলের বিপক্ষে আর্জেন্টিনার জয় ২-১ ব্যবধানে। বিশ্বকাপের আগে দলের এমন পারফরম্যান্স সহজভাবে নিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাতে জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে সংবাদ সম্মেলনে ফুটবলারদের সতর্কবার্তা দিয়েছেন স্কালোনি। তার মতে, নামের বিচারে নয়, পারফরম্যান্স করেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে হবে।
স্কালোনি বলেন, ‘গত ম্যাচটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। কোচ হিসেবে এই বিষয়গুলো আমি লক্ষ্য করছি এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। আমরা দলের ভালোর কথা চিন্তা করব এবং তার ভিত্তিতেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। পারফরম্যান্স যদি পর্যাপ্ত না হয় তবে আমরা ব্যবস্থা নেব।’
এদিকে ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, বর্তমান দলের বেশ কিছু খেলোয়াড়ের ফর্ম নিয়ে সন্তুষ্ট নন স্কালোনি। যাদের মধ্যে অন্যতম রদ্রিগো ডি পল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। তার ছন্দহীনতা ভাবাচ্ছে স্কালোনিকে।

স্পোর্টস ডেস্ক