ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে স্পষ্ট বার্তা ফিফার
ফুটবল বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়েই ততই শঙ্কা জাগছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, সেই প্রশ্ন নিয়মিতই উঠছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাফ জানিয়েছেন, তিনি চান ইরান যেন অংশগ্রহণ করে। এখন পর্যন্ত কোনো বিকল্প ভাবেনি ফিফা।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ফিফা সভাপতি বলেন, ‘এখানে কোনো বিকল্প ভাবনা নেই। কোনো প্ল্যান বি, সি কিংবা ডি নেই। যা আছে, প্ল্যান এ। আমরা চাই ইরান বিশ্বকাপ খেলুক। তারা ফুটবলপাগল জাতি।’
অবশ্য বাস্তবতা মানছেন ইনফান্তিনো। বৈশ্বিক পরিস্থিতি আগের মতো নেই, সেটি স্বীকার করেছেন তিনি। এমন অবস্থায় ইরান যেন সবচেয়ে ভালো পরিবেশে খেলতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব ফিফার বলে জানান তিনি।
ইনফান্তিনো বলেন, ‘যদি বাস্তবতায় তাকাই, আমরা জানি কী চলছে বর্তমানে। পরিস্থিতি আগের মতো নেই। আমরা এটি নিয়ে কাজ করছি। আমরা এটা নিশ্চিত করব, ইরান যেন সবচেয়ে ভালো পরিবেশে বিশ্বকাপে খেলতে পারে।’
ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশার শেষ নেই। কারও কারও মতে, বিশ্বকাপে খেলবে না ইরান। দেশটির ফুটবলপ্রধান মেহদি তাজ অবশ্য জানিয়েছেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপে অংশ নিতে ফাইনাল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা ইরানের নেই।
ফিফা জানিয়েছে, তারা ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত সূচি অনুযায়ী সব দলই খেলবে, এমনটাই তারা আশা করছেন।

স্পোর্টস ডেস্ক