সিঙ্গাপুর ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমেছিল হাভিয়ের কাবরেরার দল। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৩-০ ব্যবধানে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও পেল দুঃসংবাদ।
শনিবার (২৮ মার্চ) র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে অবনতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ আপডেট হওয়া এই র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮০ নম্বর থেকে ১৮১ নম্বরে নেমে এসেছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে ওঠা নামা হয়েছে শীর্ষ দশেও। শীর্ষ পদে কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই শীর্ষে আছে স্পেন। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একধাপ পিছিয়ে নেমে গেছে তিন নম্বরে। একধাপ উন্নতি করে তাদের জায়গায় ওঠে এসেছে ফ্রান্স। আগের মতোই চার নম্বরে আছে ইংল্যান্ড।
এক ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তারা উঠে এসেছে পাঁচ নম্বরে। পর্তুগালকে জায়গা ছেড়ে দিয়ে এক পেছনে চলে গেছে নেদারল্যান্ডস। শীর্ষ দশের মধ্যে সবচেয়ে বড় অবনমন হয়েছে ব্রাজিলের। দুই ধাপ পিছিয়েছে তারা। বর্তমানে আছে সাত নম্বরে।
অন্যদিকে, আগেই আট নম্বরে আছে মরক্কো, নয় নম্বরে বেলজিয়াম আর দশ নম্বরে আছে জার্মানি।

স্পোর্টস ডেস্ক