সন্ধ্যায় ভিয়েতনাম লড়াইয়ে নামছে বাংলাদেশ
একেবারে সহজ একটা খেলা- প্রীতি ম্যাচ। অথচ ম্যাচের আবহ বলছে ভিন্ন কথা। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কেবলই প্রীতির মধ্যে নেই। একদলের কাছে এটি হয়ে উঠেছে নিজেদের যাচাইয়ের মঞ্চ, আরেক দলের জন্য জয়টা দরকার ফিফা র্যাংকিং ঠিক রাখতে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের মুখোমুখি হবেন জামাল-হামজারা। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে দুদলের চোখই থাকবে জয়ে।
ফিফা র্যাংকিংয়ে ভিয়েতনাম আছে ১০৩ নম্বরে। বাংলাদেশ ১৮১ তম স্থানে। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম সাম্প্রতিক দিনে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, অন্তত র্যাংকিংয়ের দিক থেকে। তবে, ভয় পাচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিরা। কোচ হাভিয়ের কাবরেরার মতে এটি খেলোয়াড়দের শক্তিমত্তা যাচাইয়ের বড় সুযোগ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, 'ভিয়েতনাম এই অঞ্চলের অন্যতম শক্তিশালী দল। আমরা অবশ্যই জয়ের জন্য নামব। সিঙ্গাপুর ম্যাচের আগে এমন দলের বিপক্ষে খেলাটা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’
ভিয়েতমানের অধিনায়ক দো দুয় মানহকের চিন্তা র্যাংকিং নিয়ে। তিনি বলেন, ‘এটি প্রীতি ম্যাচ হলেও আমরা জয়ের লক্ষ্য নিয়ে নামব, কারণ এর ফলাফল ফিফা র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে।’

স্পোর্টস ডেস্ক