নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন মিশনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও মাঠে নামবেন ক্রিকেটাররা। আগামী এপ্রিলেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
আজ সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সদ্য সমাপ্ত সিরিজ শেষে বর্তমানে ছুটিতে আছেন টাইগাররা। ঈদের পর সংক্ষিপ্ত ক্যাম্প শেষে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে কিউইরা।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, দুটি ভেন্যূতে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। ওয়ানডে সিরিজগুলো অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে সন্ধ্যা ৬টায়।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২০ এপ্রিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
২৭ এপ্রিল চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ মে।

স্পোর্টস ডেস্ক