নারী এশিয়ান কাপ
শুক্রবার শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
নারী এশিয়ান কাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু এবার আরও কঠিন পরীক্ষা দিতে হবে বাংলার বাঘিনীদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের ফেভারিট দল উত্তর কোরিয়া।
শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৮টায় অস্ট্রেলিয়ার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়াও খেলা দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।
ইতিহাস-ঐতিহ্য, শক্তি-সামর্থ কিংবা ফিফা র্যাঙ্কিং– সব দিক দিয়েই বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে উত্তর কোরিয়া। টুর্নামেন্টেরও দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন তারা।
ফিফা র্যাঙ্কিং বলছে, এ ম্যাচে বাংলাদেশ দলকে দিতে হবে রীতিমতো অগ্নিপরীক্ষা। র্যাঙ্কিংয়ে বিশ্বের নবম ও এশিয়ার দ্বিতীয় সেরা দল উত্তর কোরিয়া। বিপরীতে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১১২তম। তাই পরীক্ষা নিশ্চিতভাবেই আরও কঠিন বাংলাদেশের জন্য।
তবে সেসব মাথায় না রেখে সাহসী ফুটবল খেলতে চান বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার। তিনি বলেন, ‘দিন শেষে, আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও, সেটা হতেই পারে, কিন্তু আমি চাই আমাদের দল রক্ষণাত্মক না হলেও অ্যাক্টিভ থাকুক। যখন বল আমাদের দখলে থাকবে, তখন আমরা আক্রমণাত্মক এবং সৃজনশীল থাকব।’
তবে, দুই দলের পার্থক্য যত বেশিই থাকুক না কেনো, চীনের বিপক্ষে ওই ম্যাচ দেখে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছেন না উত্তর কোরিয়ার কোচ রি সং হো। তার ভাষ্য, তার ধারণার চেয়েও বেশি শক্তিশালী দল বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে এসে রি সং হো বলেন, ‘এখানে এসে চীন বনাম বাংলাদেশ ম্যাচটি দেখেছি। আমার মনে হয়েছে, বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। উদাহরণ দিতে গেলে, তাদের আক্রমণভাগ অনেক দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি ও দক্ষতা বেশ তীক্ষ্ণ। তারা বেশ দ্রুতগতির দল।’

স্পোর্টস ডেস্ক