বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানছে উত্তর কোরিয়া
একদল তিনবারের চ্যাম্পিয়ন, আরেক দলের এবারই অভিষেক। শক্তি-সামর্থ্য, র্যাঙ্কিং, অভিজ্ঞতা, সাফল্য–সবদিকেই উত্তর কোরিয়ার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। তবু, এই বাংলাদেশকে শক্তিশালী হিসেবে মানছেন উত্তর কোরিয়ার কোচ রি সং হো। চীনের বিপক্ষে অভিষেকেই যে দুর্দান্ত শৈলি দেখিয়েছেন ঋতুপর্ণা-আফঈদারা, তাতে সমীহ না করে উপায় কী!
চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখেছেন রি সং হো। সেই ম্যাচ দেখে তার মনে হয়েছে, বাংলাদেশ দল তার ভাবনার চেয়েও বেশি শক্তিশালী। যে কারণে তার দলের ফুটবলারদের, বিশেষ করে ডিফেন্ডারদের বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রি সং হো বলেন, ‘এখানে এসে চীন বনাম বাংলাদেশ ম্যাচটি দেখেছি। আমার মনে হয়েছে, বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। উদাহরণ দিতে গেলে, তাদের আক্রমণভাগ অনেক দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি ও দক্ষতা বেশ তীক্ষ্ণ। তারা বেশ দ্রুতগতির দল।’
সংবাদ সম্মেলনে এসে আলাদা করে ঋতুপর্ণা চাকমাকে প্রশংসায় ভাসিয়ে তাকে নিয়ে সতর্ক থাকার কথা জানান রি সং হো।
উত্তর কোরিয়ার কোচ বলেন, ‘মূলত আমি তাদের আক্রমণভাগের তিনজন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে (ঋতুপর্ণা চাকমা) নিয়ে আমি সতর্ক, যে বাম প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারেন।’
নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল উত্তর কোরিয়া। ফিফা র্যাংকিংয়ের তাদের অবস্থান নবম। যেখানে বাংলাদেশ ১১২তম। এসব নিয়ে অবশ্য ভাবতে বয়েই গেছে বাংলাদেশ কোচ পিটার বাটলারের। তিনি আবারও জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ যেমনই হোক, স্বভাবজাত ঢংয়েই খেলবে তার দল।
সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ আ প্ল্যান। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাই-ও, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল শুধু রক্ষণাত্মক না হয়ে সমানতালে খেলুক।’
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে বাংলাদেশ-উত্তর কোরিয়া ম্যাচ।

স্পোর্টস ডেস্ক