বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার প্রকাশ করল ফিফা
গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াবার ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী জুন-জুলাইয়ে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে তিন দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ– যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের কারণে বিশ্বকাপের উন্মাদনায় কিছুটা ভাটা পড়েছে। তবে আয়োজনকে এগিয়ে নিতে সব কার্যক্রম গুছিয়ে নিচ্ছে ফিফা। তারই অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের পোস্টার প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
মঙ্গলবার (৩ মার্চ) ফিফা অফিসিয়াল ফেসবুক ও ওয়েবসাইটে পোস্টার উন্মোচন করা হয়। এই পোস্টারটি তৈরি করেছেন আয়োজক তিন দেশের তিন শিল্পী। যুক্তরাষ্ট্রের হ্যাঙ্ক উইলিস থমাস, কানাডার কারসন টিং ও মেক্সিকোর মিনার্ভা জিএম।
পোস্টার নিয়ে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ ২০২৬। এই আয়োজনের অফিসিয়াল টুর্নামেন্ট পোস্টারটি এই অনন্য মুহূর্তের সহযোগিতামূলক চেতনা, উত্তেজনা ও ঐক্যকে উদযাপন করছে।
বিবৃতিতে ফিফা যোগ করেছে, বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনজন শিল্পী মিলে টুর্নামেন্টের অফিসিয়াল পোস্টার তৈরি করেছেন। তিন দেশের এই শিল্পী তাদের প্রতিভা ও শৈল্পিক ঘরানাকে একত্রিত করে এমন একটি শিল্পকর্ম তৈরি করেছেন, যা দেখিয়েছে ফুটবলের প্রতি অভিন্ন ভালোবাসা কীভাবে পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ করে।

স্পোর্টস ডেস্ক