এশিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ
নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। দক্ষিণ এশিয়ান ফুটবলে বাংলাদেশ এখন চূড়ায়। টানা দুইবারের চ্যাম্পিয়ন টাইগ্রেসরা। এবার লক্ষ্য এশিয়ার মূলমঞ্চে লাল-সবুজের পতাকা উড়ানো। ইতিহাস গড়ে সেই উপলক্ষ্য তৈরি করে রেখেছে পিটার বাটলারের শিষ্যরা।
আজ মঙ্গলবার (৩ মার্চ) প্রথমবার নারী এশিয়ান কাপের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। যারা এই টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও চীন।
ফিফা র্যাঙ্কিংয়েও পার্থক্যটা আকাশ-পাতাল। চীন যেখানে ১৭তম, বাংলাদেশের অবস্থান ১১২। যদিও, গত এক বছরে বেশ ধারাবাহিক উন্নতি লাল-সবুজের প্রতিনিধিদের। সবার মাঝে আছে ভালোকিছুর প্রত্যয়। প্রতিপক্ষকে তাই ভয় পাচ্ছে না খেলোয়াড়ররা।
চীনের বিপক্ষে ম্যাচটিকে চাপ হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফঈদা বলেন, “আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের জন্য খেলছি। আমরা এখানে এসেছি খেলাটা উপভোগ করতে। মাঠে নামলে আমরা তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেখব না, বরং আমাদের নিজেদের খেলাটা খেলব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
বাংলাদেশকে খাটো করে দেখছে না চীনও। প্রতিপক্ষের জন্য সমীহ ঝরেছে চীন কোচ আন্তে মিলিচিকের মুখে। মিলিচিক বলেন, “আধুনিক ফুটবলে যেকোনো দল যেকোনো দিনে কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোনো চাপ ছাড়াই খেলবে। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ এবং তাদের খেলার মান অনেক বেড়েছে।”
মাঠের খেলায় ফল যা-ই হোক, ভক্তদের প্রত্যাশা লড়াইয়ের। মেয়েরা চোখে চোখ রেখে পরাশক্তিদের বিপক্ষে লড়লে, তবেই না এগোবে ফুটবল।

স্পোর্টস ডেস্ক