চ্যাম্পিয়নস লিগে আবারও মাদ্রিদের মুখোমুখি সিটি, যা বললেন গার্দিওয়ালা
সাম্প্রতিক সময়ের চ্যাম্পিয়ন্স লিগের ড্র মানেই যেন রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচ। ইউরোপীয় ফুটবলের এই দুই পরাশক্তির লড়াই এখন ফুটবলপ্রেমীদের কাছে এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার শেষ ১৬-র ড্রয়ের পর দেখা গেল, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট।
বারবার রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটাকে ‘একটু অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ড্রয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গার্দিওলা এ কথা বলেন।
২০১৬ সালে গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত রিয়াল ও সিটি মোট ১১ বার মুখোমুখি হয়েছে। সাধারণত গ্রুপ পর্বে বা কোয়ার্টার ফাইনালের আগে এই দুই দলের দেখা হতো না। কিন্তু টুর্নামেন্টের নতুন ফরম্যাটের কারণে এবার শেষ ১৬-তেই তাদের লড়তে হচ্ছে।
আগামী মার্চে দুই লেগের এই মহারণ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে গার্দিওলার অধীনে এটি হবে রিয়ালের বিপক্ষে সিটির ১৩তম ম্যাচ। ১১ মার্চ প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ বার্নাব্যুতে। এরপর ১৭ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচটি হবে সিটির ঘরের মাঠ ইত্তিহাদে।
গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, বিষয়টা একটু অদ্ভুত লাগছে। বিশেষ করে নতুন ফরম্যাটে ড্রয়ের ধরনটা আলাদা। অন্যরা একমত হোক বা না হোক, আমার কাছে এটা ভিন্ন মনে হচ্ছে। তবে রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই, এখানে আমাদের কিছু করার নেই। মানিয়ে নেওয়াই এখন আসল কাজ।’
রিয়াল মাদ্রিদকে টপকাতে পারলে সিটিকে পরের ধাপে বায়ার্ন মিউনিখ অথবা আটালান্টার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালে তাদের সামনে পড়ার সম্ভাবনা আছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। ড্রয়ের এই কঠিন পথ নিয়ে প্রশ্ন করা হলে গার্দিওলা বেশ সোজাসাপ্টা উত্তর দেন।
গার্দিওলা বলেন, ‘এটা হতে পারে খুবই অসম্মানজনক। চ্যাম্পিয়ন্স লিগ খুব কঠিন। আমি বলছি না যে মাদ্রিদ কঠিন নয়, সবাই জানে সেটা। কিন্তু বাকি যে দলগুলোর বিপক্ষে খেলবেন, আপনি যে কারো নাম বলুন, তাদের সবাই কঠিন। পরের ধাপে যেতে হলে আপনাকে সেরা দলগুলোর বিপক্ষে জিততে হবে, নয়তো আপনি এর যোগ্য নয়।’
উল্লেখ্য, গত ডিসেম্বরে লিগ পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে নকআউট পর্বের লড়াই যে সম্পূর্ণ ভিন্ন হবে, তা ভালো করেই জানেন পেপ গার্দিওয়ালা।

স্পোর্টস ডেস্ক