নারী বিপিএলে কারা কত টাকা পাবেন, জানাল বিসিবি
দেশের ক্রিকেটে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারী বিপিএল। তিন দলের এই টুর্নামেন্টের জন্য স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের বেতন কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই। এর আগে ১৪ মার্চ ক্রিকেটারদের সম্ভাব্য ড্রাফট।
এবারের আসরে স্থানীয় ক্রিকেটারদের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে শীর্ষ পর্যায়ে থাকছে ‘আইকন’ ক্যাটাগরি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন খেলোয়াড় নিতে পারবে, যাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির আইকন হওয়া নিশ্চিত হলেও বাকি দুই পদের জন্য আলোচনায় আছেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারি।
আইকন ছাড়াও ক্যাটাগরি ‘এ’-তে থাকবেন ৬ জন ক্রিকেটার, যাদের প্রত্যেকে পাবেন ৭ লাখ টাকা করে। প্রতিটি দল এই ক্যাটাগরি থেকে দুজন করে খেলোয়াড় নিতে পারবে। ক্যাটাগরি ‘বি’-তে থাকছেন ১২ জন খেলোয়াড়, যাদের বেতন হবে ৫ লাখ টাকা। এছাড়া ক্যাটাগরি ‘সি’-তে প্রায় ২০ জন খেলোয়াড়ের নাম থাকবে, যারা ৩ লাখ টাকা করে পাবেন। এই ক্যাটাগরিতে অবিক্রিত খেলোয়াড়রা ক্যাটাগরি ‘ডি’-তে চলে যাবেন, যেখানে ভিত্তিমূল্য হবে ১.৫ লাখ টাকা।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে তিনটি বেতন কাঠামো নির্ধারণ করেছে বিসিবি। ক্যাটাগরি ‘এ’-তে থাকা বিদেশি খেলোয়াড়রা পাবেন ৮ হাজার ডলার, ক্যাটাগরি ‘বি’-তে ৬ হাজার ডলার এবং ক্যাটাগরি ‘সি’-তে ৩ হাজার ডলার। ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে বা ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। প্রতিটি দলকে স্কোয়াডে অন্তত চারজন বিদেশি রাখতে হবে এবং একাদশে বাধ্যতামূলকভাবে দুজন বিদেশি খেলোয়াড় খেলাতে হবে।

স্পোর্টস ডেস্ক