চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও প্লে-অফে উঠল যারা
শ্বাসরুদ্ধকর এক রাতের মধ্য দিয়ে শেষ হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের নাটকীয়তা। একসাথে শুরু হওয়া ম্যাচগুলো ক্ষণে ক্ষণেই রঙ বদলাচ্ছিল। প্রতিটি গোল মুহূর্তেই বদলে দিচ্ছিল পয়েন্ট টেবিলের হিসাব। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে নিশ্চিত হওয়া যায়নি পয়েন্ট টেবিলের অবস্থান।
সব হিসাব-নিকাশ মিলিয়ে শেষ হাসি হেসেছে ৮টি দল। পয়েন্ট টেবিলের সেরা আটদল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। অন্যদিকে, ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি বড় দলকে কপাল পুড়ে নামতে হয়েছে প্লে-অফের কঠিন লড়াইয়ে।
টেবিলের তিনে থেকে শেষ ম্যাচে মাঠে নামা রিয়াল ৪-২ গোলে বেনফিকার কাছে হেরে নেমে গেছে ৯ নম্বরে। ফলে সরাসরি শেষ ষোলোতে না উঠে তাদের এখন প্লে-অফ খেলে আসতে হবে। একই দশা হয়েছে পিএসজিরও। নিউক্যাসলের সঙ্গে ড্র করে তারাও ১১ নম্বরে থেকে প্লে-অফে পা রেখেছে।
ইন্টার মিলান, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ ও গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডকেও প্লে-অফের কঠিন পথ পাড়ি দিতে হবে। নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের ৯ নম্বর থেকে ২৪ নম্বর পর্যন্ত দলগুলো প্লে-অফ রাউন্ড খেলবে। এই রাউন্ডে জয়ী ৮টি দল শেষ ষোলোর বাকি ৮টি শূন্যস্থান পূরণ করবে।
৩৬ দলের এই আসর থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল কয়রাত আলমাতি, ভিয়ারেয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের। শেষ দিনে তাদের সঙ্গী হয়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।
সরাসরি শেষ ষোলোতে সুযোগ পাওয়া দল :
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।
প্লে-অফ খেলতে হবে যাদের :
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট, বেনফিকা।

স্পোর্টস ডেস্ক