বিসিবি-আইসিসি বৈঠক শেষে যা জানা গেল
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র ২০ দিনের মতো বাকি থাকলেও এখনো দোলাচলের মধ্যে রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসি আহ্বান সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার। সর্বশেষ সমাধানে আসতে আজ বাংলাদেশে এসেছিল আইসিসির প্রতিনিধি দল।
আজ শনিবার (১৭ জানুয়ারি) আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা। যেখানে আইসিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তী মহাব্যবস্থাপক অ্যান্ড্র এফগ্রেভ।
বৈঠকে আবারও নিজেদের অবস্থান পূনঃব্যক্ত করেছে বিসিবি। কোনোভাবেই ভারতে খেলতে যাবে না দল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছেন ভারতে খেলতে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আহ্বান করেন তিনি। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
এর আগে ভারতের উগ্র হিন্দুত্বাবদীদের দাবির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বিসিবি। জরুরি বোর্ড মিটিং সিদ্ধান্ত নেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর। সরকারও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।
বিষয়টি জানিয়ে আইসিসিকে দুইবার আনুষ্ঠানিকভাবে ই-মেইল করেছে বিসিবি। বিসিবি সর্বপ্রথম ইমেইল করেছিল গত ৪ জানুয়ারি। পরবর্তীতে সেই ইমেইলের উত্তর দিয়ে বিসিবির কাছে থেকে বাংলাদেশের শঙ্কার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি।
গত ৮ জানুয়ারি আবারও বিসিবি ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।
পরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেছে বিসিবি। সেখানে বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য জানায় আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে বিসিবি।

স্পোর্টস ডেস্ক