টস শেষে হাত মেলালেন না ভারতের ক্রিকেটার
সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এরই মাঝে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ঘটল আরেকটি ঘটনা।
আজ শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে মাঠে নেমেছে বাংলাদেশ আর ভারত। বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষ থেকে টস করতে যান সহ-অধিনায়ক জাওয়াদ আবরার আর আয়ুশ মাত্রে। টস শেষে হাত মেলাননি দুই দলের প্রতিনিধি।
বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় টস করতে যান সহ-অধিনায়ক জাওয়াদ। টসের কয়েন ছিল আয়ুশের হাতে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূন্যে কয়েন ছোড়েন তিনি। আবরার টেল বলেন এবং বাংলাদেশ টস জেতে।
এরপরই তাকে এড়িয়ে সরে যান আয়ুশ। বাংলাদেশের সহ-অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি তিনি। আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।
এর আগে গত এশিয়া কাপ থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননা ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপে তিনবারের দেখায় একবারও হাত মেলাননি দুই দেশের ক্রিকেটারার। পরে নারী বিশ্বকাপেও একই দৃশ্য দেখা গেছে।
এবার সেই ‘শীতল যুদ্ধের’ তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নামও। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারতের জাতীয় দল ও নারী দল পাকিস্তানের সঙ্গে সৌজন্য বর্জন করেছিল, আর এখন মুস্তাফিজ ইস্যু ও বিশ্বকাপ ভেন্যু বিতর্ককে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গেও ভারতের দূরত্ব স্পষ্ট হলো।
সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট ভক্ত ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার সাফ জানিয়ে দিয়েছে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। এই অচলাবস্থা নিরসনে আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় বিসিবির সঙ্গে বৈঠক করবেন। বিসিবির সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

স্পোর্টস ডেস্ক