আইসিসির ইমেইলের জবাবে যা বললেন আসিফ নজরুল
আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই রাখা হয়েছিল ভারতে। তার মধ্যে কলকাতায় তিনটি আর মুম্বাইয়ে একটি।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াডও ঘোষণা করেছিল। কিন্তু বিপত্তি বাধে যৌক্তিক কোনো কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। উগ্র ভারতীয়দের দাবির মুখে নতি স্বীকার করে ফিজকে বাদ দেওয়া হয়। ফলে নিরাপত্তা শঙ্কার কারণে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ।
গত রোববার (৪ জানুয়ারি) জরুরি এক বোর্ড সভা শেষে আইসিসিকে ই-মেইলের মাধ্যমে জানিয়েছে বিসিবি। গত রাতে আইসিসিও সেই ই-মেইলের প্রতিক্রিয়া জানিয়েছে।
এরপর আজ বুধবার (৭ জানুয়ারি) চলমান ইস্যুতে আলোচনা করতে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্যান্য পরিচালকরা। ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।
আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার ভাষ্য, আইসিসি নিরাপত্তার ইস্যুটা এখনো অনুধাবন করতে সক্ষম হয়নি।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, তারা সেটা অনুধাবন করতে সক্ষম হয়নি।’
এসময় আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবারও আইসিসিকে চিঠি দেওয়া হবে।’
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ভারতে দল না পাঠাতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ওই পোস্টে তিনি বলেছিলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতিস্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আসিফ নজরুল বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’
বোর্ডকে দল না পাঠানোর নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও লিখেন, ‘বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!’

স্পোর্টস ডেস্ক