নতুন চমক নিয়ে হাজির নোয়াখালী
প্রথমবার বিপিএলে দল পেয়েছে নোয়াখালী। নবাগত দল হিসেবে বেশ আলোচনায়ও আছে তারা। তবে নিলামের টেবিলে পরিকল্পনাটা সেভাবে কাজে লাগাতে পারেনি, কিছুটা হতাশ হতে হয়েছে তাদের। নিলাম শেষে সরাসরি চুক্তিতে সেই হাতাশা কাটিয়ে উঠছে নোয়াখালী। এবার দলে ভেড়াল টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত এক তারকাকে।
নিলাম শেষেই বিদেশি ক্রিকেটারে বড় চমকের আশা দিয়ে রেখেছিল নোয়াখালী। এবার সেটি বাস্তবায়নের ঘোষণাও এলো। আজ বুধবার (৩ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।
বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় নাম মোহাম্মদ নবী। অভিজ্ঞতায় টইটম্বুর এই আফগান অলরাউন্ডার এখনও খেলে যাচ্ছেন দারুণ ফর্মে থেকে। নিজেদের দিনে এখনও যেকোনো বোলারের জন্য আক্ষেপের নাম তিনি। বাংলাদেশেও পরিচিত নাম নবী।
এর আগে সরাসরি চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লস আর শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। এরপর নিলাম থেকে পাকিস্তানি ব্যাটার হায়দার আলী আর আফগান পেসার ইহসানুল্লাহ খানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
সরাসরি চুক্তি : সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা )।
নিলাম থেকে দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।
নিলাম থেকে বিদেশি : ইহসানুল্লাহ খান (আফগানিস্তান), হায়দার আলী (পাকিস্তান)।

স্পোর্টস ডেস্ক