লজ্জাজনক হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের
অল্প কিছুদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ জয়ের মিশন নিয়েই মাঠে নামবে ভারত। কিন্তু বিশ্বকাপের ঠিক আগ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা বেশ লজ্জাজনকভাবে করেছে স্বাগতিকরা। মাত্র ১০১ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচটা হেরেছে পাঁচ উইকেটের ব্যবধানে। সহজ জয় দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। দারুণ বোলিং করে অভিষেক ম্যাচেই তিন উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার তরুণ পেসার কাসুন রাজিথা।
টি-টোয়েন্টিতে এর আগে এর চেয়ে কম রানে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র দুবার—২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে ও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯২ রানে।
প্রথম পাঁচ ওভারের মধ্যেই প্রথম সারির তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানকে আউট করে ভারতকে বিপাকে ফেলে দিয়েছিলেন অভিষিক্ত রাজিথা। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা দাসুন শানাকাও জ্বলে উঠেছিলেন দারুণভাবে। সুরেশ রায়না, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডেকে আউট করে ভারতের মিডল অর্ডারে বিপর্যয় ঘটিয়েছিলেন এই ডানহাতি পেসার। শেষ পর্যায়ে রবিচন্দ্রন অশ্বিনের ২৪ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে কোনোমতে ১০০ রানের কোটা পেরোতে পেরেছে ভারত। ১০১ রানে গুটিয়ে গেছে সাত বল বাকি থাকতেই।
১০২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক দিনেশ চান্দিমালের ৩৫, চামারা কাপুগেদারার ২৫ ও মিলিন্দা সিরিবর্ধনের অপরাজিত ২১ রানের সুবাদে দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।
১২ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক