হ্যামস্ট্রিংয়ে চোট, তারপরও মাহমুদউল্লাহকে নিয়ে আশা
পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ভালোই খেলছিলেন তিনি। দলের চরম ব্যাটিং বিপর্যয় এড়ানোর চেষ্টা করছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু ১৯তম ওভারের তৃতীয় বলে দৌড়ে একটি রান নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তাই থাকতে পারেননি মাঠে। সাঝঘরে ফিরে যেতে হয় এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
আশার কথা, আগামীকাল রোববার ম্যাচের তৃতীয় দিনে হয়তো মাঠে নামতেও পারেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও তেমনটাই আশাবাদী। অবশ্য এর জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।
এদিকে আজ শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৫২ রানে দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন মুশফিকুর রহিম, ৫৯ রান নিয়ে। এখন পর্যন্ত ৮৯ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।
এর আগে কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৩৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ২৪১ রানের লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
গতকাল শুক্রবার ইডেন টেস্টে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক