মুশফিকের নায়কোচিত ইনিংসে উড়ে গেল রাজশাহী
১৯০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য! জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা টাইগার্স। সেখান থেকে দলকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক মুশফিকুর রহিম। খেলেন ৫১ বলে ৯৬ রানের নায়কোচিত এক ইনিংস। যেটা চলতি বিপিএল ও তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসকে উড়িয়ে দিল খুলনা টাইগার্স।
আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে দুই বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় পেয়েছে খুলনা। চলতি আসরে প্রথম হারের স্বাদ পেল রাজশাহী। অন্যদিকে দুই ম্যাচের দুটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুশফিকুর রহিমের দল।
রাজশাহী রয়্যালসের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা টাইগার্স। দলীয় ১ রানে নাজমুল হোসেন শান্তকে হারায় দলটি। ২৫ রানের মাথায় হারায় রহমতউল্লাহ গুরবাজকে। শুরুর ধাক্কা কাটিয়ে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় খুলনা। রাইলি রুশোকে নিয়ে এই জুটিতে ৭২ রান তোলেন মুশফিকুর রহিম।
কিন্তু বড় জুটি গড়ার হাতছানি দিয়ে ফিরে যান রুশো। ৩৫ বলে ৪২ রান করা রুশোকে ফেরান কামরুল ইসলাম রাব্বি। এরপর শামছুর রহমানের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক মুশফিক। এরমাঝে ৩০ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর ঝড়ো ব্যাটিংয়ে এগিয়ে যান সেঞ্চুরির পথে। কিন্তু শেষ পর্যন্ত শেষ করে আসতে পারেননি। ছক্কা হাঁকাতে গিয়ে ফিরেছেন ৯৬ রানে। মুশফিক ফিরলে ছক্কা মেরে দলকে জিতিয়ে ফেরেন রবি ফ্রাইলিঙ্ক।
এরআগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় রাজশাহী রয়্যালসও। দ্বিতীয় ওভারে এক রানে ফিরিয়ে দেয় ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। আট রানে ভাঙে ওপেনিং জুটি। লিটন দাস ও আফিফ হোসেনের দ্বিতীয় উইকেট জুটিও আগায়নি। দলীয় ২৬ রানে লিটনকে ফিরিয়ে সেই উইকেট ভাঙেন রবি ফ্রাইলিঙ্ক। ফেরার আগে ১৯ রান করেন লিটন।
লিটনের পর ১৯ রানে আউট হন আফিফও। এরপর চতুর্থ উইকেটে রবি বোপারাকে নিয়ে হাল ধরেন শোয়েব মালিক। দ্রুত উইকেট হারানো চাপ কাটিয়ে দলকে এগিয়ে নেন তিনি। মাত্র ৩৪ বলে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। তাঁর সঙ্গে ঠাণ্ডা মাথায় খেলেন বোপারাও। দুই ব্যাটসম্যানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত খুলনা টাইগার্সকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী। ব্যাট হাতে ৮৭ রানের ইনিংস খেলে শেষের দিকে আউট হয়েছেন শোয়েব মালিক। ৫০ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল আট বাউন্ডারি আর চার ছক্কা দিয়ে। ইনিংস শেষে ৪০ রানে অপরাজিত ছিলেন বোপারা।
খুলনার পক্ষে বল হাতে ৪ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। একটি করে নিয়েছেন রবি ফ্রাইলিঙ্ক ও শহিদুল ইসলামও।

স্পোর্টস ডেস্ক