বিশ্বকাপের বাকি ৮ দিন
দুই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এমবাপ্পের
গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৮ দিন। বিশ্বমঞ্চে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকলেও, নকআউট পর্বে সেই সুযোগ থাকে না। এখানে এক ভুল মানেই বিদায়।
আর এই বাঁচা-মরার ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করা সবচেয়ে কঠিন কাজ। তবে বিশ্বকাপের ইতিহাসে এমন তিন ফরোয়ার্ড আছেন, যারা নকআউট পর্বে গোল করার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন।
বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি যৌথভাবে নিজেদের দখলে রেখেছেন ব্রাজিলের লিওনিদাস, রোনালদো নাজারিও এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বমঞ্চের নকআউট লড়াইয়ে তারা প্রত্যেকেই ৮টি করে গোল করার অনন্য কীর্তি গড়েছেন।
বিশ্বকাপে গ্রুপ পর্ব প্রথা বা নিয়ম চালু হওয়ার অনেক আগের কথা। ১৯৩৪ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ডে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল, সেই ম্যাচে সেলেসাওদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন লিওনিদাস। এর চার বছর পর ১৯৩৮ সালের বিশ্বকাপে ব্রাজিল যখন তৃতীয় স্থান অর্জন করে, তখন নকআউটের মাত্র ৪টি ম্যাচ খেলে একাই ৭টি গোল করেছিলেন এই ব্রাজিলীয় জাদুকর।
ব্রাজিলের মহাতারকা রোনালদো নাজারিও তিনটি ভিন্ন বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের নকআউট পর্বে ৪ ম্যাচ খেলে তিনি করেছিলেন ৩টি গোল।
এরপর ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ‘দ্য ফেনোমেনন’। সেবার নকআউটের ৪ ম্যাচে করেন ৪টি গোল, যার মধ্যে জার্মানির বিপক্ষে ফাইনালে করা শিরোপাজয়ী ঐতিহাসিক জোড়া গোলও (ব্রেস) ছিল। পরবর্তীতে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে নকআউটের ২ ম্যাচে আরও ১টি গোল করে নিজের সংখ্যাটি ৮-এ নিয়ে যান তিনি।
আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে মাত্র দুটি বিশ্বকাপ খেলেই এই দুই ব্রাজিলীয় কিংবদন্তির পাশে নিজের নাম লিখিয়েছেন। ২০১৮ সালের রাশিয়া এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ মিলিয়ে ফ্রান্সের হয়ে নকআউট পর্বে ৮টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। আর এই ৮ ম্যাচেই করেছেন ৮টি গোল!
যার মধ্যে সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ছিল ২০২২ কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে করা সেই ঐতিহাসিক হ্যাটট্রিকটি। দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। এবারও ফ্রান্সের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই বিশ্বমঞ্চে নামবেন এমবাপ্পে। তার সামনে সুযোগ থাকছে দুই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়িয়ে যাওয়ার।

স্পোর্টস ডেস্ক