ধোনি-কোহলিসহ ভারতের ৭ ক্রিকেটারকে চেয়েছে বিসিবি
আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচ দুটিতে এশিয়া একাদশের হয়ে খেলতে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিসহ ভারতের সাত ক্রিকেটারকে চেয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর পালন করা হবে মুজিববর্ষ। আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত নানা উৎসবে পালন করা হবে মুজিববর্ষ। তারই অংশ হিসেবে আয়োজিত হবে দুটি প্রীতি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে আগামী বছরের ১৮ ও ২১ মার্চ।
ম্যাচ দুটিকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীকে বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিসিবির আমন্ত্রণে সাড়াও দিয়েছেন তিনি। সেইসঙ্গে নাকি আরো সাত ভারতীয় ক্রিকেটারকে আনতে চায় বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সাতজন ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ইন্ডিয়া টুডেকে বলেন, ‘হ্যাঁ, এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের। দুই ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেটারদের অনুমতি পেতে আমরা বিসিসিআইর সঙ্গে আলোচনা করছি। এশিয়ার অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গেও আমাদের কথা চলছে।’

স্পোর্টস ডেস্ক