৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
এনআরবি ব্যাংক। ফাইল ছবি
৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি ব্যাংক। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
জানা যায়, এনআরবি ব্যাংকের প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা। এটি হবে জামানতবিহীন, রূপান্তরযোগ্য নয় ও সম্পূর্ণরূপে মেয়াদ শেষে পরিশোধযোগ্য। বন্ডটি কুপনযুক্ত ও ভাসমান সুদহারের হবে। সাত বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে বন্ডটি ইস্যু করা হচ্ছে। তবে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে।

নিজস্ব প্রতিবেদক