উৎপাদন বন্ধ সিভিও পেট্রোকেমিক্যালের
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির চলতি সেপ্টেম্বর মাসে বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কারখানা এ সময় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রক্ষণবেক্ষণ কার্যক্রমের জরুরি প্রয়োজনে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। রক্ষণবেক্ষণ শেষে ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম টেকসইভাবে পরিচালনা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সিভিও পেট্রোকেমিক্যাল জানায়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষে যত দ্রুত সম্ভব কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হবে। পুঁজিবাজারে ১৯৯০ সালে তালিকাভুক্ত হয় কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক