ডিএসই : বড় পতনে সূচক, কমেছে ৮৯ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবক’টি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (৬ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০৪ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৮৯ দশমিক ৪৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। গত বৃহস্পতিবার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে ছয় হাজার ৭৮১ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৫৪৫ কোটি টাকায় নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর তিন মিনিটে ডিএসইএক্স বেড়েছে পাঁচ পয়েন্ট। শেয়ার বিক্রির চাপে পরে সূচকটি পতনে আসে। লেনদেন শুরুর ১৬ মিনিটে ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট। সেই সূচকটির পতন গতি কমে আসে। এতে লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স কমেছে ছয় পয়েন্ট। পরে সূচকের পতন বেড়ে যায়।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৫৮ দশমিক ৪৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১১৬ দশমিক ১৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ২২ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১১৫ দশমিক ৩৬ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭২০ কোটি ৯২ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯১ হাজার ৭১৬ কোটি এক লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৯৮ হাজার ৪৮৭ কোটি ৭৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৩৪৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২১টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ২০ কোটি ২০ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮ কোটি ৩২ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৫ কোটি ৯৪ লাখ টাকা, সায়হাম কর্টনের ১৫ কোটি ২৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৪ কোটি ৯৯ লাখ টাকা এবং ডমিনেজ স্টিলের ১১ কোটি তিন লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৬০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ৬৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক