বেড়েছে ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৮৯৫ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৫৯৬ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪৬ পয়েন্ট। পরে সূচকটি আরও বাড়ে। লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৬৮ পয়েন্ট। পরে সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৩৯ দশমিক ২২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬৩৭ দশমিক ৩০ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক আট দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১২২ দশমিক শূন্য তিন পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৩০ দশমিক ৪১ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ২৪ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৭ হাজার ৬৩৪ কোটি ২২ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৯৪ হাজার ৭৩৯ কোটি ২৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩০০টির, কমেছে ৫০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ৩১ কোটি সাত লাখ টাকা, সায়হাম কর্টনের ২১ কোটি ৭৩ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ১৮ কোটি ৬১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৭৩ লাখ টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪ কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে তিন দশমিক ১৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংকের মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে আট দশমিক ৮২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক