সূচকের পতন, বিক্রির চাপে ৬৩ শতাংশ কমেছে কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট। বিক্রির চাপ বাড়ায় এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকালের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ৯১২ কোটি ৭০ লাখ টাকা। তবে লেনদেন বেড়ে এদিন এক হাজার ২১১ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর সাত মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। বেলা বাড়ার পর ক্রেতার চাপ কমে আসে। এতে সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। পরে বিক্রির চাপ বাড়ে, এক পষায়ে সূচকটি পতনে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ২৭ দশমিক ৮৯ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৭১ দশমিক শুন্য ছয় পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ২১৬ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৯৯ দশমিক ১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ পাঁচ হাজার ৫৬৯ কোটি ৪৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ সাত হাজার ৪৮২ কোটি ১৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৪৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইটিসির শেয়ার। কোম্পানিটির ৫২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগসের ২২ কোটি ৬৯ রাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের ১৯ কোটি ৮৩ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ১৯ কোটি ৭৫ লাখ টাকা, সালভো অর্গানিকের ১৮ কোটি ৬৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৭ কোটি ৮৩ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৭ কোটি ৪৬ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১৬ কোটি ৬২ লাখ টাকা, সায়হাম কর্টনের ১৬ কোটি ৪৯ লাখ টাকা এবং আইবিপির ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে দি প্রিমিয়ার ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৭৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক