রূপালী ব্যাংকের মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি
মূলধন বৃদ্ধি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকটির নতুন শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে ব্যাংকটি নতুন শেয়ার ইস্যু মাধ্যমে পুঁজিবাজার থেকে ৬৮০ কোটি টাকা সংগ্রহ করতে পারবে।
আজ সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, গত বছরের ৩০ জুন রূপালী ব্যাংক ডিএসইর মাধ্যমে নতুন শেয়ার ইস্যুর এই আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় বিএসইসির কাছে আবেদনও করে ব্যাংকটি। এ পরিপ্রেক্ষিতে বিএসইসি গতকাল রোববার এক চিঠির মাধ্যমে ব্যাংকটির নতুন শেয়ার ইস্যুর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়।
সম্মতি পাওয়ায় রূপালী ব্যাংক সরকারের অনুকূলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার দর ধরা হয়েছে ১৫ টাকা। নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে।

নিজস্ব প্রতিবেদক