ব্যবসার পরিধি বাড়াবে ইস্টার্ন লুব্রিকেন্টস
ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণের মধ্য দিয়ে ব্যবসার পরিধিসহ বৈচিত্র্য বৃদ্ধি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস পিএলসি। এরই ধারায় প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের (পিপিপিএলএল) সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস।
আজ রোববার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) ইস্টার্ন লুব্রিকেন্টস এবং যুক্তরাষ্ট্রের এরগন ব্র্যান্ডের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক পিপিপিএলএলের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রাথমিকভাবে এক বছরের জন্য হওয়া এই চুক্তির আওতায় সরকারি খাতে এরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিপণন ও বিতরণে যৌথভাবে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস বিদ্যমান ব্যবসার পাশাপাশি নতুন আরেক ব্যবসায় যুক্ত হচ্ছে।
ডিএসই আরও জানায়, এই দুই কোম্পানি চুক্তির বিষয়ে বিস্তারিত জানার জন্য ডিএসই কোম্পানিটির কাছে চুক্তিপত্রের অনুলিপি চাইলেও এখন পর্যন্ত তা ডিএসইতে জমা দেয়নি।
এ ক্যাটাগরি ইস্টার্ন লুব্রিকেন্টস ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা। পরিশোধিত মূলধন দুই কোটি ৩৮ লাখ টাকা। সরকারের হাতে কোম্পানির ৫১ শতাংশ শেয়ার রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৫ দশমিক ৮০ শতাংশ শেয়ার। বাকি শেয়ার উদ্যোক্তা পরিচালকসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে।

নিজস্ব প্রতিবেদক